জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিএম হাসান দ্রুততম মানব এবং জয়া চাকমা দ্রুততম মানবী হলেন। এছাড়া ছাত্রদের মধ্যে মামুন সরদার, জিএম হাসান এবং এম মাহফুজুল হক প্রত্যেকে ১৮ পয়েন্ট পেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন এবং ১১ পয়েন্ট পেয়ে মাসুদ কায়সার রানার আপ, ছাত্রীদের মধ্যে জয়া চাকমা ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং সাবরিনা রহমান ১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। অপরদিকে ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন এবং মওলানা ভাসানী হল রানার আপ, ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন এবং বেগম খালেদা জিয়া হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম গতকাল রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, প্রতিযোগিতা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ও শারীরিক শিক্ষা অফিসের পরিচালক সিফাতুল্লাহ। অনুষ্ঠানে অনুষদ ডীন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, অফিস প্রধানগণ সহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
