সেমিফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৩:২৪
 
শুরু হতে যাওয়া বিশ্বকাপের সেমিফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি। দুই সেমিফাইনালের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার খেলাটি চালাবেন শ্রীলংকার কুমার ধর্মসেনা এবং ইংল্যান্ডের রিচার্ড কেটলবোরো। 
 
প্রথম সেমিফাইনালে সহ আয়োজক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত হবে খেলাটি। ২৬ মার্চ সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আরেক স্বাগতিক অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইতোমধ্যেই এই দুটি ম্যাচ পরিচালনার জন্য কর্মকর্তাদের নাম ঘোষনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ইংল্যান্ডের ইয়ান গোল্ড এবং অস্ট্রেলিয়ার রড টাকার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এই ম্যাচে ম্যাচ রেফারীর দায়িত্বে থাকবেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার ডেভিড বুন। টেলিভিশন আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের নাইজেল লং। চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড।
শ্রীলংকার কুমার ধর্মসেনা এবং ইংল্যান্ডের রিচার্ড কেটলবোরো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। শ্রীলংকান রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারী এবং টেলিভিশন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মারায়েস এরাসমাস। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।  বাসস