চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি এখনও মেয়র প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। ইতিমধ্যে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীকে মেয়র প্রার্থী হওয়ার জন্য বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে। কিন্তু তিনি বলে আসছেন মেয়র নির্বাচন করবেন না। গত মেয়র নির্বাচনে তাকে প্রার্থী হওয়ার জন্য বলা হলেও তিনি আগ্রহ দেখাননি। এবারও তার প্রার্থিতার ব্যাপারে কেন্দ্র থেকে বলা হলে তিনি তার অনাগ্রহের ব্যাপারে জানিয়েছেন।
বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার বিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রধান নেতা হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীকে মেয়র পদে নির্বাচন করার জন্য বলা হয়েছে। তাছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণও আন্দোলনের অংশ। তাই নির্বাচনকে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত করে বিজয় নিশ্চিত করতে চাচ্ছে বিএনপি। আবার নির্বাচন শেষ পর্যন্ত সম্পন্ন হবে কিনা এবং নির্বাচন হলে তা সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংশয় রয়েছে বলে নেতা-কর্মীরা জানান। এ প্রেক্ষিতে যেকোন পর্যায়ে নির্বাচনকেও বিএনপি আন্দোলনের প্রধান ইস্যু হিসাবে নেয়ার প্রস্তুতি নিয়ে রাখতে চাচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন না করলে সেক্ষেত্রে কাকে প্রার্থী করা হবে তাও নিশ্চিত করতে পারছে না চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মেয়র প্রার্থী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে নগরীতে বিএনপির কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের তত্পরতা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মেয়র পদে নির্বাচন করার জন্য বিএনপিতে তার শুভাকাঙ্ক্ষী নেতা-কর্মীরা তাকে নির্বাচন করতে বুঝানোর চেষ্টা চালাচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী শেষ পর্যন্ত প্রার্থী না হলে বর্তমান মেয়র মোহাম্মদ মনজুর আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন কিংবা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ তিনজনের একজন প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ তিনজনের মধ্যে মেয়র মনজুর আলম এবং ডা. শাহাদাত হোসেন নির্বাচন করার ব্যাপারে সরাসরি আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এখনও সরাসরি নির্বাচন করার ঘোষণা দেননি। তবে তার সমর্থক নেতা-কর্মীরা জানান, বিএনপির হাইকমান্ড থেকে বলা হলে তিনি প্রার্থী হবেন।
বিএনপির মেয়র প্রার্থী এখনও চূড়ান্ত না হলেও ৪১টি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর ব্যাপারে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সাথে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা যায়। বেশ কয়েকটি ওয়ার্ডের প্রার্থী ইতিমধ্যে ঠিক করা হয়েছে বলে সূত্র জানায়। জানা যায়, বিএনপি জোটগতভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডের বেশ কয়েকটি ওয়ার্ডে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ছেড়ে দেয়া হবে।
এদিকে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডের নির্ধারিত ১৪ জন মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। নগর মহিলা দলের সভানেত্রী ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি জানান, ১৪ জন মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হচ্ছেন-নাসিমা আলম (১, ২, ৩), শাহনাজ বেগম (৪, ৫, ৬), সাময়মা হক (৭, ৮), আরজু শাহাবুদ্দিন (৯, ১০, ১৩), মনোয়ারা বেগম মনি (১৪, ১৫, ২১), বেগম লুত্ফুন্নেসা (১৬, ২০, ৩২), খালেদা বোরহান (১২, ২৩, ২৪), জেসমিন খানম (১১, ২৫, ২৬), কামরুন্নাহার লিজা (২৮, ২৯, ৩৬), আরজু নাহার মান্না (২২, ৩০, ৩১), রেজিয়া বেগম মুন্নী (১৭, ১৮, ১৯), সাঈদা খানম (১৭, ৩৭, ৩৮), মনোয়ারা বাবুল (৩৩, ৩৪, ৩৫) ও রাশেদা আলম (৩৯, ৪০, ৪১)।