গতকাল রবিবার সন্ধ্যার দিকে রাজধানীর দু’টি স্থানে বাসে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মহিলা কলেজের সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, তেজগাঁও মহিলা কলেজের সামনে হরতাল সমর্থকরা ওই যাত্রীবাহী বাসে আগুন দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর প্রেসক্লাবের সামনে মৈত্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। ককটেলটি পেছনের চাকার কাছে লাগার কারণে কেউ হতাহত হয়নি বলে বাসের এক যাত্রী জানিয়েছে।
