মেট্রোরেলের বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে: সেতুমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ০১:০৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তরা হতে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কি. মি. দীর্ঘ মেট্রোরেলের প্রাথমিক নকশার কাজ শেষ হয়েছে। বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। মেট্রোরেলের উত্তরা থেকে ফার্মগেট অংশের কাজ ২০১৯ সাল এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ ২০২০ সালে শেষ হবে। গতকাল রবিবার নগরভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা শেষে তিনি গণমাধ্যম কর্মীদের একথা বলেন।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সংসদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এবং নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত্ আইভিসহ ডিটিসিএ পরিচালনা বোর্ডের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ৮টি প্যাকেজে ভাগ করে মেট্রোরেল প্রকল্পের দরপত্র আহ্বান করা হচ্ছে। ইতিমধ্যে দুইটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট প্যাকেজগুলোর দরপত্র আহ্বানের কাজ শেষ হবে। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, মেট্রোরেল প্রকল্প পরিচালক মোফাজ্জেল হোসেনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি, বিআরটিসি, বিআরটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -তথ্য বিবরণী