আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ আর নেই। স্থানীয় সময় সোমবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। খবর রয়টার্স ও বিবিসির।
লি কুয়ান ইউ ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তিনি ২০১১ সাল পর্যন্ত সরকারের হয়ে কাজ করে গেছেন। ক্ষুদ্র এই নগর রাষ্ট্রকে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং দেশটির আধুনিকায়নে লি কুয়ানের অবদান বিশাল। বলা হয় একটি বন্দর নগরী থেকে বহু সংস্কারের মাধ্যমে সিংগাপুরকে তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন।
তাকে অবশ্য একই সাথে স্বৈরাচারীও বলা হয়ে থাকে। ক্ষমতায় থাকাকালে বহু বিরোধী মতাবলম্বী রাজনৈতিক ব্যক্তিত্বকে জেলে পুরেছেন তিনি।
লি কুয়ানের মৃত্যুতে তার ছেলে ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি হেসিয়েন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় বলেন, ‘তিনি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এমন একটি জাতিকে গড়ে তুলেছেন, যাদের কিছুই ছিল না। তিনি আমাদের সিঙ্গাপুরের নাগরিক হিসেবে গর্ব করার সুযোগ করে দিয়েছেন। তার মতো আর কাউকে পাব না আমরা।’
লি কুয়ানের মৃত্যুতে দেশটিতে এক সপ্তাহের শোক ঘোষণা করা হয়েছে। ২৯ মার্চ রাষ্ট্রীয়ভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে লি'র মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ অান্তর্জাতিক নেতারাও শোক প্রকাশ করেছেন।।
