মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘হরিযুপিয়া’। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজী রাজু। পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। কাজী রাজু জানায়, আগামী ২৭ মার্চ ঢাকার ৫টি হলে ও ঢাকার বাইরে ৮টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে একজন নৃ-তত্ত্ববিদ পুরাকীর্তি খননের সময় কিছু পোড়ামাটির নিদর্শন খুঁজে পায়। সে সব নিদর্শনের মধ্যে ছিল হরিযুপিয়া। শুরু হয় নতুন এক নৃ-তাত্ত্বিক ভ্রমণ। এর মধ্য দিয়ে একে একে উঠে আসে বাঙালির নৃ-তাত্ত্বিক ইতিহাস। এমনই একটি গল্পের প্লট ধরে নির্মাণ হয়েছে ছবিটি। ছবিটি প্রসঙ্গে কাজী রাজু বলেন, ‘ছবির গল্পটি মূলত বুদ্ধিজীবী হত্যাকে কেন্দ্র করে। ৭১-এর অনেক ঘটনা আছে যেগুলো আমাদের জানার বাইরে। এমনই একটি গল্পকে কেন্দ্র করে ছবির কাহিনি। ছবিটি দেখার জন্য দর্শকদের অবশ্যই হলে আসতে বলবো। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।’
