শ্রীলঙ্কার প্রথম ফিল্ড মার্শাল ফনসেকা

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৪:৪১
 
শ্রীলঙ্কার নতুন সরকার সাবেক সেনাপ্রধান সরথ ফনসেকাকে দেশটির প্রথম ফিল্ড মার্শাল হিসেবে ঘোষণা করেছে। এটি হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ। সাবেক সরকারের আমলে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তিনি বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন।
রবিবার দেশটির রাজধানী কলম্বোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফনসেকাকে ফিল্ড মার্শাল খেতাব দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
সিরিসেনা বলেন, রাজাপাকসের সরকার ফনসেকার সঙ্গে অবিচার করেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই সিরিসেনা নির্বাহী আদেশে ফনসেকার বিরুদ্ধে আনা সব অভিযোগ বাতিল করে দেন।
২০০৯ সালের মে মাসে শ্রীলঙ্কার সেনাবাহিনী তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। সেসময় জেনারেল ফনসেকা সেনাপ্রধান ছিলেন। তবে প্রেসিডেন্ট রাজাপাকসের সঙ্গে মতবিরোধের কারণে নিজের পদ থেকে সরে দাঁড়ান।

২০১০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের বিরুদ্ধে প্রার্থী হন ফনসেকা। ঐ নির্বাচনে হেরে যাওয়ার দুই সপ্তাহ পর সেনাবাহিনীর সরঞ্জাম কেনার দুর্নীতির দায়ে ফনসেকাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় বেশ কয়েক বছরের কারাদণ্ড দেয়া হয়। সূত্র: পিটিআই।