বিএনপি-জামায়াত আন্তর্জাতিক জঙ্গিবাদের অংশ : ড. হাছান

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৬:৪২
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবে হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছেন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হাত থেকে পৃথিবীকে নিরাপদ করতে হবে । তার (খালেদা জিয়া) সন্ত্রাসমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি মাত্র।
 
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান বলেন, পৃথিবীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করার জন্য আন্তজাতিক সম্প্রদায়ের উচিত বেগম জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
 
 সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী হকার্স লীগের উদ্যোগে “বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে” আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা এম এ করিম, আওয়ামী ওলামা লীগ নেতা মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালী প্রমুখ।
 
তিনি বলেন, বর্তমানে দেশে বিএনপি জামায়াতের ডাকা হরতাল পালিত হয় কী না তা গবেষণার বিষয় । তাদের হরতাল-অবরোধ কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে।