ফেদেরারকে হারিয়ে জকোভিচের শিরোপা

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৭:০৭
 
 
সুইস তারকা রজার ফেদেরারকে ফাইনালে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা ধরে রেখেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। রবিবার অনুষ্ঠিত ফাইনালে সার্বিয়ান এই তারকা ৬-৩, ৭-৫ (৫/৭), ৬-২ গেমে ফেদেরারকে পরাজিত করে ক্যারিয়ারের ৫০তম এটিপি শিরোপা জয় করেন।
 
এই নিয়ে চতুর্থবারের মত ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতলেন ২৭ বছর বয়সী জকোভিচ। এর ফলে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ফেদেরারের সাথে সর্বোচ্চ চারবার এই শিরোপা দখলের কৃতিত্ব দেখালেন বিশ্বেও এক নম্বও তারকা। 
 
এর আগে ২০০৮, ২০১১ এবং ২০১৪ সালে তিনি এই শিরোপা জিতেছিলেন। আর ফেদেরার জিতেছেন ২০০৪, ২০০৫, ২০০৬ এবং ২০১২ সালে। গত বছর জকোভিচের কাছে কঠিন লড়াইয়ের পরে হার মানতে বাধ্য হয়েছিলেন সুইস তারকা।
 
বিশ্বের শীর্ষ এই দুই খেলোয়াড়ের মধ্যে হার্ডকোর্ট লড়াইয়ে এটি ছিল আরেকটি দারুন লড়াইয়ের উদাহরন। এর আগে ৩৮বার এই দুজনের মোকাবেলায় ফেদেরার অবশ্য কিছুটা এগিয়ে আছেন। ২০বার ফেদেরার জয়ী হয়েছেন, আর জকোভিচ জিতেছেন ১৮টিতে। গত বছর উইম্বলডনের ফাইনালে জেতার পরে জকোভিচ শেষ দুটি ম্যাচে ফেদেরারের কাছে সরাসরি সেটে পরাজিত হয়েছেন। 
 
২০১৪ সালের ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালেও ফেদেরারকে পরাজিত করতে তিন সেট খেলতে হয়েছিল জকোভিচকে।
 
ম্যাচ শেষে ফেদেরার এই পরাজয়কে খুব একটা আমলে না নিতে তার সমর্থকদের দাবী জানিয়েছেন। তিনি বলেন, এর আগের দুটি টুর্নামেন্টে আমি তাকে পরাজিত করেছি। এমন নয় টানা ১০টি গেমে আমি পরাজিত হয়েছি। সার্ভিস এবং রিটার্নের উপর নির্দিষ্ট একটি দিনের পারফরমেন্স নির্ভর করে। আমরা সাধারণত ফাইনালে একে অপরের মুখোমুখি হই। সে কারনেই ম্যাচটির আবহ অন্যরকম থাকে।
 
শেষ ১২টি ইন্ডিয়ান ওয়েলস শিরোপার মধ্যে এই দুজন মিলে আটটি শিরোপা দখল করেছেন। কিন্তু এই প্রথমবারের মত টানা দুটি ফাইনালে তারা একে অপরের মুখোমুখি হলেন। টেনিস গার্ডেন স্টেডিয়ামে ১৫ হাজার দশর্কের উপস্থিতিতে দুই ঘন্টা ১৭ মিনিটের এই ফাইনালে জকোভিচ আটটি এস মেরেছেন, ফেদেরার পাঁচবার ব্রেক পয়েন্ট অর্জন করেছেন।
 
 তবে বাজে সার্ভিস এবং ৪৩টি আনফোর্সড এররই ফেদেরারের পরাজয়ের মূল কারণ। এই শিরোপা দখলের মাধ্যমে জকোভিচ ১২তম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ৫০তম এটিপি শিরোপা লাভের কৃতিত্ব দেখালেন। তার কোচ সাবেক জার্মান তারকা বরিস বেকার জয় করেছিলেন ৪৯টি।