রাজধানীর মিরপুরের দারুস সালামের হরিরামপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত দিপু আহম্মেদ (২৫) নামে এক যুবক মারা গেছেন। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
নিহত দিপুর ভাই সাইফুল ইসলাম জানান, লালকুঠি এলাকার রানা, তার (রানার) স্ত্রী ও ছেলে শান্তর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩-৪ মাস আগে দিপুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দিপুর সঙ্গে তাদের মারধরের ঘটনাও ঘটে। পরে রানা দিপুর বিরুদ্ধে থানায় মামলা করে। সেই মামলায় দিপু এক মাস জেলহাজতে থাকার পর ১৮ মার্চ মুক্তি পায়। ওই রাতেই রানাসহ কয়েকজন দিপুকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করে। এরপর চিকিত্সাধীন থাকা অবস্থায় গতকাল দিপু মারা যায়।
জানা গেছে, নিহত দিপু শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার আব্দুল হক সিকদারের ছেলে। সে পরিবারের সঙ্গে দারুস সালাম লালকুঠির ১৭৯/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
