সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ১৮:৫৯



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সকল বিভাগীয় শহরে পর্যায়ক্রমে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য তালুকদার মো. ইউনুসের এক প্রশ্নের জবাবে আরো বলেন, ওই প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যায়ক্রমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার উদ্যোগ নেয়া হবে।

সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, সরকারি হিসাবে বর্তমানে দেশে এইচআইভি চিহ্নিত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৬৭৪ জন।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে জাতীয়

এইডস/এসটিডি প্রোগ্রাম (এনএএসপি) ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন নারী যৌনকর্মী, শিরায় মাদক গ্রহণকারী ও পুরুষ যৌনকর্মী (সমকামী)দের মধ্যে এইচআইভি প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে ১৪ হাজার ৩শ’ জন উল্লেখিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ৪৭টি সেবা কেন্দ্রের (ড্রপ ইন সেন্টার) মাধ্যমে ২৭টি জেলায় সম্পূর্ণ বিনামূল্যে প্রতিরোধ সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া মাদকসেবীদেরকে মাদকমুক্ত করার লক্ষ্যে ঢাকা শহরে ২টি কেন্দ্র পরিচালিত হচ্ছে।

নাসিম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় জাতীয় এইডস/এসটিডি প্রতিরোধ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করা হয়েছে।
তিনি বলেন, এইচআইভি টেস্টের জন্য ২০টি পরীক্ষা কেন্দ্র হতে যাচ্ছে যার মধ্যে ১১টি সরকারি কাঠামোর মধ্যে (৫টি মেডিকেল কলেজসহ)। নতুন এইচআইভি সংক্রমণ চিহ্নিতকরণ ও ভবিষ্যৎ কার্যক্রমের কৌশল নির্ধারণের লক্ষ্যে সার্ভিলেন্সেরও উদ্যোগ নেয়া হয়েছে।