আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য খাতভিত্তিক প্রাক বাজেট আলোচনা শুরু হচ্ছে পহেলা এপ্রিল থেকে। খাতভিত্তিক এ আলোচনা চলবে পুরো এপ্রিল জুড়ে। এর পর ব্যবসায়ীদের শীর্ষ এফবিসিসিআইসহ বৃহৎ ব্যবসায়ী সংগঠনের সাথেও আলোচনা করবে।
ইতিমধ্যে খাতভিত্তিক আলোচনার জন্য তালিকা তৈরি করেছে বাজেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাজস্ব বোর্ড (এনবিআর)। তালিকা অনুযায়ী পহেলা এপ্রিল বুধবার সেবা খাতের ৩৮টি সংগঠনের সাথে বৈঠক করা হবে। হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউজ ও বিবিধ সেবা, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন, ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টার রয়েছে এ তালিকায়।
২ এপ্রিল নির্মাণ ও অন্যান্য শিল্প এবং ব্যবসা খাতের ৫৫টি সংগঠন ; ৫ এপ্রিল সিলেট চেম্বারসহ ১৫টি বিভাগীয় প্রধান চেম্বার; ৭ এপ্রিল সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, ঢাকা চেম্বার (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) এবং বিকেল ৩টায় ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি), বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বারসহ (বিআইসিসিআই) অন্যান্য চেম্বার; ৮ এপ্রিল রপ্তানিমুখী শিল্পগুলোর সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারকদের সংগঠন এবং বন্ড সুবিধাবিহীন রপ্তানি খাতের সাথে আলোচনা করা হবে।
আগামী জুলাইয়ে অর্থবছর শুরুর আগে জুনের শুরুতে সংসদে নতুব বাজেট পেশ করা হবে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার ঠিক করা হয়েছিল ২ লাখ ৫০ হাজার ৫১৬ কোটি টাকা। এতে ১ লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকার রাজস্বে এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতায় রাজস্বের এ লক্ষ্যমাত্রা হুমকির মুখে পড়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
