বিএনপি জোটের টানা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর সব কিছুই ছিল স্বাভাবিক। নগরীতে হরতালের কোন প্রভাব ছিল না। সকাল থেকেই গণপরিবহন, প্রাইভেট গাড়ি, দূরপাল্লার রুটে পরিবহন, বিমান, ট্রেন, লঞ্চ সবকিছুই স্বাভাবিকভাবে চলাচল করেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ছিল তীব্র যানজট। ব্যাংকে লেনদেন হয়েছে। সচিবালয়সহ সরকারি-বেসরকারি সব অফিস ছিল খোলা। নগরবাসী হরতাল-অবরোধ উপেক্ষা করে তাদের স্বাভাবিক কাজ চালিয়ে যায়।
রাজধানীর কোথাও হরতাল আহ্বানকারীদের মিছিল দেখা যায়নি। তবে চোরাগোপ্তা হামলার অংশ হিসেবে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের সামনে তুরাগ পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে হঠাৎ বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। এতে রেহানা (২৭) নামক এক নারী ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাব্বির (২৪) আহত হন। রেহানাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে।
প্রায় একই সময়ে মালিবাগ পদ্মা সিনেমা হলের সামনে পরপর ৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোন হতাহত হননি।
