প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বেগম খালেদা জিয়ার সাথে আলোচনায় বসতে আপনার চিন্তিত হওয়ার কারণ নেই। আলোচনায় বসে আমাদের রেহাই দেন।
সোমবার বিকালে অবস্থান কর্মসূচির ৫৫ তম দিনে তার সাথে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, গণতন্ত্রের মা-খালা-ফুপুরা গত ২৫ বছরে কোন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে ছাত্ররাজনীতি টেন্ডারবাজ, চাঁদাবাজদের হাতে তুলে দিয়ে জাতীয় নেতা সৃষ্টি হওয়ার পথকে রুদ্ধ করেছে। সেজন্যেই আগে নেতার ইচ্ছায় গুন্ডারা চলতে বাধ্য হতো আর এখন গুন্ডাদের ইশারায় চলেন নেতারা।
দেশের বর্তমান সংকট উত্তরণে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে ফুটপাথে অবস্থান কর্মসূচি পালনরত বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, আইন সম্পাদক এডভোকেট মাহবুব হাসান রানা, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুননবী সোহেল, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপসহ শতাধিক নেতা-কর্মী তার সাথে অবস্থান করেছেন।
