সংলাপের মাধ্যমে সঙ্কটের সুষ্ঠু সমাধানের আশা বিএনপির

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ২২:৩৫
 
 
সরকার দেশের স্বার্থে ও মানুষের কল্যাণার্থে সংলাপের মাধ্যমে বর্তমান সঙ্কটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে দ্রুত এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
 
বুলু তার বিবৃতিতে বলেন, ‘বাড়ির ভেতরে কিংবা বাইরে কোথাও কোনো নাগরিকের জীবন-জীবিকা এখন শঙ্কামুক্ত নয়। আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোনো নেতাকর্মীকে বেআইনিভাবে ধরতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের নিরপরাধ সদস্যকে আটক ও তাদের সঙ্গে অশালীন আচরণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মনে হয় স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা যেন এক মগের মুল্লুকে বসবাস করছি। দেশের বিভিন্ন জেলায় যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনী বিরোধী দলীয় নেতাকর্মীদের আটক করার পর তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে রাস্তার ধারে, খালে-বিলে, ডোবা-নালায়। কোনো কোনো লাশের পরিচয়ও মিলছে না। এহেন পরিস্থিতি দেশের প্রতিটি জনপদে। সরকার দেশে গুম, খুন, গুপ্তহত্যা ও অপহরণের যে ভয়াল সংস্কৃতি চালু করেছে তা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছেও প্রমাণিত।’

তিনি বলেন, ‘ধারাবাহিক নারকীয় ঘটনায় আন্তর্জাতিক সংস্থাগুলো প্রতিনিয়ত গভীর উদ্বেগ ও উত্কণ্ঠা প্রকাশ করে যাচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহূত বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রদত্ত বিবৃতি আন্তর্জাতিক মহলসহ দেশের ১৬ কোটি মানুষের সেই উদ্বেগ উত্কণ্ঠারই প্রতিধ্বনি। সালাহ উদ্দিন আহমেদকে আজ থেকে ১৩ দিন আগে অপহরণ করে নিখোঁজ রাখা হয়েছে। সালাহ উদ্দিন আহমেদের পরিবার, দেশের সুশীল সমাজ, আপামর জনসাধারণ এবং দল ও জোটের শত আকুতিতেও সরকার এখনও পর্যন্ত তার কোনো সন্ধান দিচ্ছে না। এই ধরনের ধারাবাহিক মর্মান্তিক ও হূদয়বিদারক ঘটনায় গোটা জাতি স্তম্ভিত, হতবাক ও শোকে মূহ্যমান হয়ে পড়েছে।’