অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক প্রত্যাশা করছেন, আগামী বৃহস্পতিবার সিডনিতে অনুষ্ঠেয় সেমিফাইনালে তার দলকে ভিন্ন ভারতের সঙ্গে মুখোমুখি হতে হবে। যেই প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপের আগে জানুয়ারিতে স্বাগতিক অজিরা টেস্ট সিরিজ এবং ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজে অনায়াসেই হারিয়েছে।
চলতি আসরের সহ-স্বাগতিক অস্ট্রেলিয়া গত শুক্রবার কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ফাইনাল ম্যাচের টিকিট পাওয়ার পথে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত, যারা টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের সবক’টিতেই জয় পেয়েছে। এর মধ্য দিয়ে টেস্ট সিরিজের ভারতের বোলিং আক্রমণ দৈন্যতা কাটিয়ে চলতি বিশ্বকাপে ভিন্নরূপে ফিরেছে।
এমন অবস্থায় সেমিফাইনালে ভারতকে ভিন্ন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি, তারা স্পষ্টতই গ্রীষ্মের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। আমি মনে করি ভারত অনেক শক্তিশালী একটি দল, যাদের হারানোটা অনেক কঠিন হবে। তাদের অনেক ভালো খেলছে, কারণ দলটি অস্ট্রেলিয়ায় অনেক দিন ধরে আছে। এর ফলে এখানকার উইকেট-পরিবেশ সম্পর্কে তারা ভালো করেই জানে।’
ভারতের বিপক্ষে সেমিফাইনাল লড়াই নিয়ে ক্লার্ক বলেন, ‘নিশ্চিত করেই বলা যায় বৃহস্পতিবারের এই খেলাটি দূর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং তাদের হারাতে আমাদের সেরা প্রচেষ্টাই থাকবে।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচে হারে। অকল্যান্ডে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ওই খেলায় সহ-আয়োজক নিউজিল্যান্ডের কাছে এক উইকেটে হারে অজিরা।
পঞ্চমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রচেষ্টায় থাকা দলটি অন্যতম সুবিধা নিজেদের চেনা-জানা উইকেট-পরিবেশ।
এদিকে, ভারত গত নভেম্বর থেকে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলো। এই সময়ের মধ্যে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ধীরে ধীরে নৈপূণ্যে ফিরছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টিম ইন্ডিয়ার অধিনায়ক প্রসঙ্গে ক্লার্ক বলেন, ‘দলটি যেভাবে ব্যর্থতাগুলো কাটিয়ে ওঠতে সক্ষম হয়েছে, আমি মনে করি এ জন্য অধিনায়ক হিসেবে ধোনি অনেক কৃতিত্ব পাওয়ার যোগ্য।’
সেমিফাইনালে নৈপূণ্যে থাকা ভারতকে অস্ট্রেলিয়া কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবেই নিচ্ছে বলে জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘সত্যিকার অর্থেই তারা কিছু ভালো ক্রিকেট খেলছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরাও এই চ্যালেঞ্জটির জন্য মুখিয়ে আছি। নিজেদের পুনরুজ্জীবিত করতে আমরা কিছু সময় পেয়েছি এবং এই সময়ে আমরা নিজেদের প্রাণবন্ততা নিশ্চিত করবো, এরপর অবশ্যই অনুশীলনে নামবো এবং নিজেদের প্রস্তুত করবো।’
সেমিফাইনালকেই ‘ফাইনাল’ হিসেবে মূল্যায়ন করে ক্লার্ক আরো বলেন, ‘আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেমিফাইনালেও আমাদের মনোভাব একই থাকবে। তবে বৃহস্পতিবারই হবে আমাদের বিশ্বকাপের ফাইনাল। আমরা এখন লড়াইটির দিকে তাকিয়ে আছি।’
