সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী বৃহস্পতিবার চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ঐ ম্যাচকে সামনে রেখে বেশ জোরালোভাবে অনুশীলন করছে টিম ইন্ডিয়া। এরই অংশ হিসেবে নেটে টেনিস বল দিয়ে কঠোর অনুশীলন করলেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের বাউন্সার ঠেকাতেই এমন অনুশীলন রায়নার।
আম্পায়ারদের ইচ্ছাকৃত ভুলের সুবিধা নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টারফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে ভারত। শেষ চারে প্রতিপক্ষ হিসেবে টিম ইন্ডিয়া পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়াকে। আর শেষ চারের ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার সিডনিতে।
এই মাঠে অজি পেসারদের সামলাতে ইতোমধ্যে বিভিন্ন ধরনের অনুশীলনে মগ্ন ভারতীয় ব্যাটসম্যানরা। তারই অংশ হিসেবে নেটে টেনিস বল দিয়ে ৪৫ মিনিট মনোযোগ সহকারে অনুশীলন করলেন রায়না। তাকে টেনিস বলের বাউন্সার ছুঁড়ে সহায়তা করেছেন দলের কোচ ডানকান ফ্লেচার ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুধুমাত্র রায়নাই নন। এমন অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মাও। ধাওয়ান ১০ মিনিট ও রোহিত ১৫ মিনিট টেনিস বলের বাউন্সারে অনুশীলন করেন।
