এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল: সুয়ারেজ

আপডেট : ২৩ মার্চ ২০১৫, ২২:১৫
 
তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজ রবিবার ‘এল ক্লাসিকো’ লড়াইয়ে বার্সেলোনার হয়ে জয়সূচক গোল করায় উচ্ছ্বাসে ভাসছেন। সেই সঙ্গে কাতালান ক্লাবটিতে নাম লেখানোর পর এই গোলটিকেই নিজের ‘সেরা গোল’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
 
খেলার ৫৬ মিনিটে সতীর্থ দানি আলভেসের জোগান থেকে বল পেয়ে দুর্দান্ত গোলটি করেন সুয়ারেজ। খেলা শেষে তিনি বলেন, ‘বার্সেলোনায় এখন পর্যন্ত এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। কঠিন এই প্রতিপক্ষের বিপক্ষে করা গোলটির বাড়তি একটা তাত্পর্যও আছে।’
 
জেরেমি ম্যাথিউ শুরুতে বার্সাকে এগিয়ে নেয়ার পর রোনালদো খেলায় সমতা ফেরালে দলকে জয় এনে দেয়ার পথে সবচেয়ে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুয়ারেজ। লড়াইটিতে নৈপূণ্য দেখানোর রহস্য প্রকাশ করে লিভারপুলের সাবেক এই তারকা স্ট্রাইকার বলেন, ‘যত দ্রুত সম্ভব ডিফেন্ডারদের মধ্যে থাকা ফাঁকা জায়গার সুবিধাটা নেয়ার চেষ্টা করেছিলাম আমি। সৌভাগ্যক্রমে এই প্রচেষ্টা কাজে দিয়েছে।’
 
এই জয়ে বার্সা চার পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষের স্থান আরো সুদৃঢ় করলেও শিরোপা জয়ের জন্য সামনে আরো অনেক পথ বাকি আছে বলে মনে করছেন সুয়ারেজ।
 
এ ব্যাপারে তিনি বলেন, ‘এখনো আমাদের অনেক পথ পাড়ি দেয়ার বাকি। তাছাড়া এই লিগটি অনেক কঠিন। তবে কঠিন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেয়ার প্রয়োজন ছিলো আমাদের। অন্যান্য লিগের মতো লা লিগায়ও কখন কী হয় বলা যায় না। সামান্য স্বস্তি নেয়ার ফাঁকেই অনেক কিছুই ঘটে যেতে পারে।’—সুপার স্পোর্টস