সিডনিতে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন, এটা আমাদের সেরা স্কোয়াড ছিল না। আপনারা সবাই জানেন, আমি কয়েকটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট ছিলাম না। সেরা দল পেলে বাংলাদেশের গল্পটা অন্যরকমও হতে পারত। আমি একজন বা একাদশ নিয়ে কথা বলছি না। আমি বলছি ১৫ জনের দল নিয়ে। আমাদের যদি অনেক বিকল্প থাকত, তাহলে গল্পটা ভিন্ন হতে পারত।
তিনি বলেন, দলের পারফরম্যান্সের জন্য জবাব দিতে হয় কোচকেই। তাই দল নির্বাচনে কোচের একটা বক্তব্য থাকা উচিত। তবে বিসিবির কাছে কখনও দল নির্বাচনে তার বক্তব্য থাকার দাবি তোলেননি বলেও জানান তিনি।
বাংলাদেশ দল দেশে ফিরে এলেও খেলোয়াড়-কোচিং স্টাফরা অস্ট্রেলিয়ায় অবসর সময় কাটাচ্ছেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে গেছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
