তফসিল ঘোষণা হলেও আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিকল্পধারা, বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। আর নির্বাচন হলেও তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও তিনি সংশয় ব্যক্ত করেন।
গতকাল সোমবার বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের গুলশানের বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সংশয়-সন্দেহ প্রকাশ করেন। বি. চৌধুরী বলেন, ‘সিটি নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনো আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এই সিটি করপোরেশন নির্বাচন সরকারের ট্র্যাপও হতে পারে, নাও হতে পারে। বিএনপি বলেছে, আন্দোলন থেকে জনদৃষ্টি অন্যত্র নিতে এই নির্বাচন সামনে এনেছে। সরকার হচ্ছে সকল শক্তির আধার। যখন দেখবে জেতার সম্ভাবনা নেই, তখন তারা একটা মামলা ঠুকে দিয়ে নির্বাচন বন্ধ করে দিতে পারে। সরকারের উদ্দেশে বদরুদ্দোজা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন করে যে অপরাধ আপনারা করেছেন, তার শাপমোচন করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।
