সালাহউদ্দিনের সন্ধানে পুলিশের সার্চ কমিটি

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১২:১৩
 
বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের সন্ধানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি সার্চ কমিটি গঠন করেছে। একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, সার্চ কমিটিতে ডিএমপি’র যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম, ডিবি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম, পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইকবাল হোসেন, ডিএমপি ট্রাফিকের (উত্তর) সহকারী উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনেওয়াজ রয়েছেন। ডিএমপি’র যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম সার্চ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি (সালাহউদ্দিন) নিখোঁজ না আত্মগোপনে তা খতিয়ে দেখবে সার্চ কমিটি।ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই শক্তিশালী সার্চ কমিটি কাজ করছে। কমিটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার চৌকস কর্মকর্তারা রয়েছেন। সালাহউদ্দিনের সন্ধানে কূটনৈতিক তত্পরতা ছাড়াও দেশ-বিদেশে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ চলছে। তার পরিবারসহ ঘনিষ্ঠজনকে নজরদারিতে রাখছেন পুলিশ। বিশেষ নজরদারিতে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েক নেতাও। এছাড়া বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ও অপহরণচক্রের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। স্বেচ্ছায় আত্মগোপনে থেকে সরকার ও রাষ্ট্রকে বিপাকে ফেলতে বা আন্দোলন চাঙ্গা করতে নিখোঁজের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়েও পর্যালোচনা ও অনুসন্ধান চালানো হচ্ছে।
এছাড়া ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক বা পুরনো কোন শত্রুতা নিখোঁজ হওয়ার সঙ্গে সম্পৃক্ত কিনা সে বিষয়ে অনুসন্ধান চলছে। আগেই বিদেশে পালিয়ে গিয়ে তার নামে অন্য কেউ বিবৃতি দিতো কিনা বা বিবৃতিগুলো সত্যি সত্যিই সালাহউদ্দিনের তরফ থেকে দেয়া হতো কিনা, সে বিষয়েও পর্যালোচনা অব্যাহত রয়েছে।