ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন ও হাজী সেলিম। মঙ্গলবার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মনোনয়নপত্র তোলেন সাঈদ খোকন। এর ঘণ্টাখানেক পরে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন হাজী সেলিম।
মনোনয়নপত্র নেয়ার সময় সাংবাদিকদের সাঈদ খোকন বলেন, ‘অনেকেই আগাম প্রচারণা চালাচ্ছে। অস্ত্র ও পেশী শক্তি প্রদর্শন করে সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এগুলো সুস্পষ্ট নির্বাচনী আচরণ বিধি লংঘন।’
সাঈদ খোকন সম্পর্কে হাজী সেলিম বলেন, ‘অনেকে অনেক কথা বলতে পারেন। সেই বক্তব্যের দায়িত্ব তার। তবে কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই।’
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হবে। আগ্রহীরা মনোয়নপত্র জমা দিতে পারবেন ২৯ মার্চ পর্যন্ত, যা যাচাই-বাছাই হবে ১ ও ২ এপ্রিল। মনোয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে ৯ এপ্রিল পর্যন্ত।
