স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৭:২৯
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকে আরো অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশে গরীব ও মধ্যবৃত্তের চিকিত্সার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ১৬ কোটি মানুষের দেশে সরকারের একার পক্ষে সকল সুযোগ সুবিধা দিয়ে স্বাস্থ্য সেবানিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। দুস্থ ও বঞ্চিত মানুষের চিকিত্সার জন্য অধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ হাসপাতাল গড়ে তোলার জন্য দেশের শিল্পপতিদের আবদান রাখতে হবে।’
আজ মঙ্গলবার মহাখালীর ব্র্যাক সেন্টারে যক্ষ্মা বিষয়ক সাংবাদিকতায় “ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড- ২০১৫” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
ব্র্যাক এর ভাইস চেয়ারম্যান ডাঃ এ মুশতাক আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশে যক্ষ্মা নিয়ন্ত্রনে সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি বেসরকারি সংস্থা গুলোর সহয়তায় যথাপোযুক্ত পদ্ধতিতে ঘরে ঘরে চিকিত্সা সেবা পৌঁছে দেবার উদ্যোগ নেয়া হয়েছে।’