বর্ষীয়ান অভিনেতা সিরাজুল ইসলাম আর নেই। মঙ্গলবার সকাল নয়টায় ৭৭ বছর বয়সী এই অভিনেতা মস্তিস্কের রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায় মৃত্যুবরণ করেন (ইন্না...রাজিউন)।
অভিনেতা সিরাজুল ইসলাম দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। রোগ নিরাময়ের জন্য পশ্চিমবঙ্গের কলকাতায় যাতায়াত করতেন নিয়মিত। এছাড়া তিনি দুবার স্ট্রোক করেন।
পরিবার সূত্রে জানা গেছে, গুলশানের আবাসিক এলাকা নিকেতনের কেন্দ্রীয় মসজিদে বাদ আছর জানাজা শেষে সিরাজুল ইসলামকে কবরস্থ করা হবে বনানী কবরস্থানে।
প্রখ্যাত এই অভিনেতা থিয়েটারের গন্ডি পেরিয়ে মূলত সিনেমায় অভিনয়ে মনোযোগী হয়েছিলেন। প্রায় তিনশ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা মহীউদ্দিন পরিচালিত ‘রাজা এলো শহরে’। এছাড়াও অভিনয় করেছেন-- ‘নাচঘর’, ‘রূপবান’, ‘উজালা’, ‘নয়নতারা’, ‘চাওয়া পাওয়া’, ‘ময়নামতি’, ‘দর্পচূর্ণ’, ‘বিনিময়’ ইত্যাদিতে। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৮৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিরাজুল ইসলাম।
