দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে জয় এনে দেওয়া নিউ জিল্যান্ডের গ্র্যান্ট এলিয়ট বলেছেন, ‘এই জয় আমার বা দলের বলে মনে করি না, এই জয় এখানে আসা সবার। সমর্থকরা অসাধারণ ছিল।’
মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪ উইকেটে হারায় বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ড। এই জয়ে এ পর্যন্ত সাতটি সেমি-ফাইনাল খেলে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল তারা।
নাটকীয় ম্যাচটিতে শেষ ওভারে নিউ জিল্যান্ডের প্রয়োজন ছিল ১২ রান। শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। পঞ্চম বলে ডেল স্টেইনকে অসাধারণ এক ছয় মেরে জয় তুলে নেন এলিয়ট। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ম্যাচ জেতানো এই ছয় নিয়ে কথা বলেন ৭৩ বলে ৮৪ রান করে অপরাজিত থাকা এলিয়ট। তিনি বলেন, “ছয়টি মারার সময় আমার মনে কোনো কিছুই খেলা করছিল না। এমনকি আমি জানিও না বলটি কোথায় গেছে।”
