সিটি নির্বাচনের নামে আরেকটি ষড়যন্ত্র করছে সরকার: মাহবুব

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৯:৩৮
 
সরকার ঢাকা ও চট্টগাম সিটি করপোরেশন নির্বাচনের নামে আরেকটি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য  লে. জে. (অব.) মাহবুবুর রহমান। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের হল রুমে এক আলোচনা সভায় তিনি এ মন্ত্রব্য করেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
 
লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন দিয়ে সরকার ষড়যন্ত্র করছিল। ওই সংকটের সমাধান না করে আবারও সিটি করপোরেশন নির্বাচন  ঘোষণা করে আরেকটি ষড়যন্ত্র করছে সরকার। দেশ আজ মহা সংকটে। মানুষের জীবন মরণ সমস্যা। কেউ গুম হচ্ছে, কেউ অপহূত হচ্ছে। এই ভয়ে সরকার বিরোধী মতাদর্শের লোকজন সাধারণ মানুষদের কাছে যেতে পারছেন না।’
 
তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে দলে দুই রকমের ভাবনা-চিন্তা চলছে। তৃণমূল পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে। একপক্ষ বলছেন, দলের ব্যাপক জনসমর্থন রয়েছে। এই নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে ছেড়ে দেয়া উচিত্ নয়। আরেক পক্ষ বলছেন- কীভাবে নির্বাচন হবে? দলের প্রার্থী যারা হবে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। নেতা-কর্মীরা অনেকেই জেলে আছেন। এ রকম পরিস্থিতিতে কীভাবে নির্বাচনে আমরা অংশ নেব?’
 

নিজের ব্যক্তিগত অভিমত তুলে ধরে সাবেক এই সেনা প্রধান বলেন, ‘দেশের যে পরিস্থিতি আজ সৃষ্টি হয়েছে, আজ আমাদের জাতীয় নির্বাচন নিয়ে বেশি ভাবতে হবে। দশম যে সংসদ চলছে, তা একটি প্রশ্নবিদ্ধ সংসদ। তাই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে এখন গুরুত্ব দিতে হবে।’ তবে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলে যে মত শক্তিশালী হবে সে অনুযায়ীই সিদ্ধান্ত হবে বলে প্রত্যাশা করছেন মাহবুবুর রহমান।