ইউজিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবির সাত শিক্ষক

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ১৯:৪১
মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণা কর্মের স্বীকৃতিস্বরূপ ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাত শিক্ষক। সম্প্রতি ইউজিসি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের জন্য ছয়জন এবং ২০১৩ সালের জন্য ১০জন শিক্ষককে অ্যাওয়ার্ড প্রদানের জন্য মনোনীত করে।
 
 মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
২০১২ সালের জন্য মনোনীত ঢাবির অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন-আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী এবং সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমীন।
 
২০১৩ সালের জন্য মনোনীত ঢাবির অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন-ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন, ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটের অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাজমা শাহীন।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষকদের হাতে  এই অ্যাওয়ার্ড তুলে দেবেন। এতে মনোনীত শিক্ষকদের প্রত্যেককে তাদের বইয়ের জন্য ৫০ হাজার এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা ছাড়াও সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হবে।
 
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উত্সাহ দিতে ১৯৮০ সাল থেকে ইউজিসি এ অ্যাওয়ার্ড চালু করে।