স্বাধীনতা দিবসকে সামনে রেখে হরতাল থেকে সরে দাঁড়াল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এবার হরতাল না বাড়িয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামীকাল বুধবার দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ২০ দল।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ কমসূচি ঘোষণা দেন। এ সময় তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপি’র গুমকৃত যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে ২০ দলীয় জোটের সকল গুমকৃত নেতা-কর্মীদেরকে তাদের পরিবারের নিকট সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া এবং সারাদেশে গুম, খুন, বন্দুক যুদ্ধের নামে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেফতার ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ণ বন্ধের’ দাবিতে চলমান অবরোধের পাশাপাশি আজ বুধবার দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের অঙ্গীভুত সকল শরীক দলকে তাদের স্ব স্ব উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বত:স্ফুর্তভাবে পালনের জন্য অনুরোধ করছি।
