ভারতের বিপক্ষে ‘প্রধান স্লেজার’ হবেন জনসন

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ২০:৩৬
 
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিসেল জনসন বলেছেন তিনি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল লড়াইয়ে দলের ‘প্রধান স্লেজার’-এর দায়িত্ব নেয়ার জন্য ভাবছেন। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষেই চারম্যাচের টেস্ট সিরিজে বাদানুবাদ পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিলেন অজিদের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। উত্তপ্ত বাক্য বিনিময় অব্যাহত রাখেন ত্রি-দেশীয় ওয়ানডে সিরিজেও। জানুয়ারিতে মেলবোর্নে অনুষ্ঠিত সিরিজের এক ওয়ানডেতে ভারতের রোহিত শর্মাকে ‘ইংলিশে কথা বল’ এমন একটি স্লেজিং করে জরিমানাও দিয়েছেন এই অজি ব্যাটসম্যান।
 
কিন্তু বিশ্বকাপে যেন ভিন্ন এক ওয়ার্নারকে দেখছে অস্ট্রেলিয়া। ‘ঠোঁটকাটা’ ব্যবহার পরিবর্তন করে এই বামহাতি ব্যাটসম্যান এখন নিপাট ভদ্র মানুষ। অনেকে বলছেন বিশ্বকাপে ওয়ার্নার তার সেরা ব্যবহারে ফিরেছেন। এমন অবস্থায় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের ‘স্লেজিং’ এর দায়িত্ব নিতে এগিয়ে আসছেন জনসন।
 
অজি দলের এই তারকা পেসার মঙ্গলবার ফক্স টিভিকে বলেন, ‘শুনেছি ডেভিড (ওয়ার্নার) নিজেকে কোনো ঝামেলায় জড়াতে চায়নি। তবে আমি মনে করি, কোনো একজনকে এটা (স্লেজিং) করতে হবে এবং সম্ভবত আমি নিজেই এটা করতে পারি।’
 
স্লেজিংয়ের ব্যাপারে জনসন আরো বলেন, ‘এটা খেলারই অংশ। এ ক্ষেত্রে (কোয়ার্টার ফাইনালে) শেন ওয়াটসন এবং ওয়াহাব রিয়াজের মধ্যে যা ঘটেছে সেটা ব্যতিক্রম। তারপরও আমি মনে করি এটা দারুণ বিনোদনের বিষয় ছিলো এবং আপনারা এই খেলায় (সেমিফাইনাল) এমন আরো বিনোদন দেখতে পাবেন।’
 
গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে জয় এনে দেয়া ওয়াটসন প্রতিপক্ষের পেসার ওয়াহাবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এর ফলে খেলা শেষে দু’জনকেই জড়িমানা করা হয়। ভারতের বিপক্ষে গ্যাবা টেস্টে স্লেজিং করা জনসন বলেন, ‘আমি এটা ভালোবাসি। আমার ক্ষেত্রে এটা ভালো হয়।—এএফপি