কোহলির কাছ থেকে ম্যাচ জেতানো ইনিংস চান ধোনি

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ২০:৪২
 
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নিশ্চিত বিশ্বাস তার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির কাছ থেকে ম্যাচ জেতানো ইনিংস পাওয়া কেবলই সময়ের ব্যাপার।
 
বৃহস্পতিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনালে ওঠার চেষ্টা চালাবে ভারত। চারবারের চ্যাম্পিয়ন ও শিরোপাধারীদের মধ্যকার  সেমিফাইনালটির প্রাক্কালেই কোহলিকে নিয়ে এ প্রত্যয়ী মনোভাব জানালেন ধোনি। তাছাড়া কোহলি নিজেও এমন এক ভেন্যুতে ফিরছেন যেখানে কিনা তিনি নিজের সবচাইতে স্মরণীয় টেস্ট ইনিংস খেলেছেন।
 
কোহলি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের প্রাক্কালে জানুয়ারিতে ধোনির হঠাত্ টেস্ট থেকে অবসরের পর ভারতকে নেতৃত্ব দিয়ে ১৪৭ ও ৪৬ রানের দুটি ইনিংস খেলেন। এ দুটি ইনিংসের সুবাদে ভারত প্রশংসনীয় ড্রয়ে সক্ষম হয়েছিল।
 
ধোনির বিশ্বাস সিডনিতে শেষ চারের এ লড়াইয়ে জয় এনে দেয়া ইনিংস খেলবেন কোহলি। সমর্থকদের উদ্দেশে ধোনি বলেন, ‘সে খারাপ ব্যাট করছে বলে আমি মনে করি না।’ প্রত্যেকবারই কেউই সেঞ্চুরি করতে পারে না। কিন্তু সে এমনই ভালো খেলোয়াড় যে সমর্থকরা তার কাছ থেকে প্রতিবারই সেঞ্চুরি প্রত্যাশা করে। সে খুবই প্রভাবশালী একজন ব্যাটসম্যান যে কি-না মেরে খেলতে পছন্দ করে। সেমিফাইনালের মাধ্যমে দ্রুতই সে রানে ফিরবে। কেননা বড় মাপের খেলোয়াড়রা বড় ম্যাচ দিয়েই রানে ফিরে।’