বর্তমানে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সর্বমোট গ্রাহক সংখ্যা হচ্ছে ১২ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ৬৬২ জন। এর মধ্যে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেডের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি—৫ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৫৬০। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মধ্যে গ্রাহক সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলালিঙ্ক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড, তাদের গ্রাহক মোট গ্রাহক সংখ্যা হচ্ছে—৩ কোটি ১৫ লাখ ১৫ হাজার ৬৫ জন। অন্যদের মধ্যে রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৬৪ লাখ, ১৪ হাজার ১৯৭ জন, এয়ারটেলের ৭৯ লাখ ৪৩ হাজার ৬১৫, টেলিটকের ৩৯ লাখ ২২ হাজার ৫৪ এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) গ্রাহক সংখ্যা ১২ লাখ ৬৩ হাজার ১৭১।’
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নিয়মিত অভিযান পরিচালনা করার মাধ্যমে অবৈধ ভিওআইপি কার্যক্রম প্রতিরোধকল্পে বিটিআরসির ৮৭ সদস্যের একটি সক্রিয় কমিটি রয়েছে। ২০০৭ সাল থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত র্যাব এবং বিটিআরসি যৌথভাবে এ পর্যন্ত ৩০৩টি অবৈধ ভিওআইপি অভিযান পরিচালনা করেছে।’
অবৈধ ভিওআইপি ব্যবসা প্রসঙ্গে এক সম্পূরক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অবৈধ ভিওআইপি ব্যবসার নামে দেশের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি করা হচ্ছে। আর এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেট সমূলে নির্মূল করতে হবে। সিন্ডিকেট ভেঙে দিতে এবং নির্মূল করতে সরকার থেকে কঠোর ব্যবস্থা নিচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘বিটিআরসি থেকে এ পর্যন্ত ৭৪টি মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে ২০টি মামলার রায় হয়েছে—এর মধ্যে বিটিআরসির পক্ষে রায় হয়েছে ১৮টি।’
ওবায়দুল কাদের বলেন, ‘কমিশন অবৈধ ভিওআইপিতে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এ পর্যন্ত বিভিন্ন মোবাইল অপারেটরদের জরিমানাসহ ৫টি পিএসটিএন অপারেটর এবং ৩২টি আইএসপি অপারেটরের লাইসেন্স বাতিল করেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত অপারেটর সেলফ রেগুলেশন প্রয়োগের মাধ্যমে ৪৪ লাখ ৭৫ হাজার ৬৭৭টি সিম বা রিম শনাক্ত করে তা বন্ধ করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘সফটওয়্যার বেইসড টেকনোলজিক্যাল সিস্টেমের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত ৭ লাখ ২৪ হাজার ১৯৯টি সিম সনাক্তকরণ করে তা বন্ধ করা হয়েছে।’
