যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে দুইজনকে গলা কেটে হত্যা

আপডেট : ২৪ মার্চ ২০১৫, ২৩:৩৯

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি বাড়িতে সাবেক অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী রওশন আরা (৬৫) ও তার গৃহকর্মী কল্পনা (১৫) খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঐ বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, উত্তর যাত্রাবাড়ীর ঐ ফ্ল্যাটে গৃহকর্ত্রী রওশন আরা ও গৃহকর্মী কল্পনাকে ঘাতকরা গলা কেটে হত্যা করেছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চি?হ্ন রয়েছে। রওশন আরার স্বামী আব্দুল কুদ্দুস অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। বছর দশক আগে তিনি মারা গেছেন। কলাপট্টির ঐ তিনতলা বাড়ির মালিক রওশন আরা। তার তিন ছেলে ও দুই মেয়ে আমেরিকা থাকেন। ঢাকার নবাবগঞ্জের মাঝির গ্রামে তাদের বাড়ি।
যাত্রাবাড়ী থানার এসআই পরিমল চন্দ্র জানান, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় বাড়ির প্রবেশ দরজা খোলা ছিল। পরে সিআইডি’র ক্রাইমসিন বিভাগ হত্যার আলামত সংগ্রহ করে।
পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা তদন্ত করছে পুলিশ। লাশ দুটি ঘরের মেঝেতে পড়েছিল। ঘরের জিনিসপত্র তছনছ করা হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, ঐ বাড়িতে কল্পনার মাও থাকেন। তিনি বিকালে কেনাকাটার জন্য বাইরে যান। সন্ধ্যায় বাসায় ঢুকে দেখেন যে, ঘরের দরজা খোলা। ঘরের মেঝেতে রওশন আরা ও কল্পনার গলা কাটা লাশ পড়ে আছে। জিজ্ঞাবাদের জন্য পুলিশ কল্পনার মাকে নিরাপদ হেফাজতে নিয়েছে।
রাত ৮টার দিকে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন বিভাগ বিভিন্ন আলামত সংগ্রহ করছিল। ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের যেতে দেয়া হয়নি।              নিহত রওশন আরার একজন নিকট আত্মীয় জানান, তাদের কোন শত্রু ছিল না। এলাকায় সবার সাথে সহাবস্থান ছিল। তারপরেও এ বৃদ্ধাকে কেন খুন করা হয়েছে তা তারা জানেন না।

পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার জানান, ঐ বাড়ি থেকে বেশকিছু মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলে জানা গেছে। তবে এটির সঙ্গে ডাকাতির সংশ্লিষ্টতা আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।