আগামী বছরের শুরুতেই রাজপথে চলবে বিশ্ববিখ্যাত মালয়েশিয়ান ‘প্রোটন’ ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন গাড়ি। বাংলাদেশের মাটিতে এই গাড়ি সংযোজন করবে পিএইচপি ফ্যামিলি। এর নাম হবে ‘প্রোটন পিএইচপি’। বিশ্ববিখ্যাত টয়োটা রিকন্ডিশন্ড কারের তুলনায় নতুন প্রোটন পিএইচপি’র দাম কম হবে। জ্বালানি খরচও পড়বে তুলনামূলক কম। সম্পূর্ণ নতুন গাড়ি বলে প্রতি বছর রিকন্ডিশন্ড গাড়ির মতো ফিটনেস লাগবে না, ৫ বছর পর এর ফিটনেস করাতে হবে। এতে হয়রানি কমবে, টাকারও সাশ্রয় হবে। এ লক্ষ্যে ৪শ’ কোটি টাকা ব্যয়ে বার্ষিক ১২শ’ গাড়ি উত্পাদন ক্ষমতাসম্পন্ন একটি কারখানা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। ৩০ একর জমির ওপর স্থাপিত এই কারখানায় ৫০ জন বিশেষজ্ঞ প্রকৌশলীসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন।
পিএইচপি অটোমোবাইল্স-এর ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ হিরু বলেন, বিশ্ববিখ্যাত টার্বো ইঞ্জিন ব্যবহূত হবে প্রোটন প্রিভে সিরিজের এসব কারে। গাড়ি চালানো যাবে অটো এবং ম্যানুয়াল দু’ভাবেই। ‘প্রোটন প্রিভে’ এই সিরিজের প্রিমিয়ার, এক্সিকিউটিভ ও স্ট্যান্ডার্ড এই ৩ ধরনের মডেলের প্রোটন কার বাজারজাত করা হবে। ব্যবহার করা হবে বিশ্ববিখ্যাত টার্বো ইঞ্জিন। দেশে চালু বিভিন্ন বিদেশি কোম্পানির নতুন ও রিকন্ডিশন্ড সেডান কারের অধিকাংশই হলো ১৫০০ সিসি’র। আর সেডান বাংলাদেশে বাজারজাত করবে ১৬০০ সিসির। বাংলাদেশে প্রোটন পিএইচপি গাড়ি সংযোজনের লক্ষ্যে গত বৃহস্পতিবার সংযোজনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পিএইচপি গ্রুপের চুক্তি সাক্ষরিত হয়েছে।
