ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও নির্বাচনী এলাকার সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন হওয়ায় নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীর জামানতের টাকার ট্রেজারি চালান, পে-অর্ডার বা কোন ব্যাংকের টাকা জমার রসিদ সংগ্রহের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ব্যাংকের সব শাখা আগামী ২৭ ও ২৮ মার্চ খোলা রাখতে হবে। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এ প্রজ্ঞাপনের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো একটি চিঠি সংযুক্ত করে দেয়া হয়েছে। কমিশনের চিঠিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ এ তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচী অনুযায়ী, আগামী ২৯ মার্চের মধ্যে মনোনয়নপত্র দাখিলকারীর নির্ধারিত জামানত জমার ট্রেজারি চালান, পে-অর্ডার বা টাকা জমার রসিদ মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে। এতে প্রার্থীরা ট্রেজারি চালান, পে-অর্ডার বা টাকা জমার রসিদ সংগ্রহ করতে পারবেন না। এমন পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটির দু’দিন ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশনা দিতে অনুরোধ করা হয়।
