ফ্রান্সে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান শুরু

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৭:১৩
 
 
 
 
ফ্রান্সের আল্পস পর্বতমালায় জার্মানউইংসের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনায় ১৫০ আরোহীর সবাই নিহত হলেও মঙ্গলবারই  বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছিল। খবর বিবিসির।
ফ্রান্সের একটি প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের সন্ধানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকর্মীরা। উদ্ধার কার্যক্রমে বেশ কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। উদ্ধারকর্মীরা আশা করছেন—বুধবারই তারা বিমানটির ‘ককপিট ভয়েস রেকর্ডার’ উদ্ধার করতে সক্ষম হবেন। জার্মানি, ফ্রান্স ও স্পেনের কয়েকজন শীর্ষ নেতার বুধবার বিমানটি বিধ্বস্তের স্থান পরিদর্শন করেছেন। বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রথমে তুষারধ্বসের কথা ধারণা করা হলেও এখন পর্যন্ত এ ধরনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে—বিমানটিতে সন্ত্রাসী হামলা চালানোর ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ দিকে, নিহতদের মধ্যে আর্জেন্টিনার দুই নাগরিকও  রয়েছেন বলে জানা গেছে। প্যারিসের আর্জেন্টাইন দূতাবাসের কর্মকর্তা সান্টিয়াগো মার্টিনো রেডিও আমেরিকাকে বলেন, ‘আমরা দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিমানটিতে দুই আর্জেন্টাইন ছিলেন বলে জানিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের জীবিত থাকার কোনো আশা নেই।’ বিধ্বস্ত বিমানটিতে ১৬ শিক্ষার্থীসহ জার্মানির ৬৭, স্পেনের ৪৫ জন এবং অস্ট্রেলিয়া, তুরস্ক, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের নাগরিক ছিল বলে এর আগে জানানো হয়েছিল।