ইউক্রেনে নিপ্রোপেটরোভস্কের গভর্নর কোলোময়স্কির পদত্যাগ

আপডেট : ২৫ মার্চ ২০১৫, ১৮:১২
 
 
 
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ নিপ্রোপেটরোভস্কের গভর্নর ইহোর কোলোময়স্কি পদত্যাগ করেছেন। রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানিয়েছে। খবর বিবিসির।
তেল কোম্পানির মালিকানা নিয়ে সরকারের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে নিপ্রোপেটরোভস্কের গভর্নর ইহোর কোলোময়স্কির পদত্যাগের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কোলোময়স্কির অনুগত সশস্ত্র ব্যক্তিরা সম্প্রতি নগরীর একটি তেল কোম্পানির অফিস দখল করে নেয়। এরপর ইউক্রেনের ক্ষমতাশালী এ গভর্নরের সঙ্গে কিয়েভ সরকারের দ্বন্দ্বের বিষয়টি সামনে চলে আসে। এ ঘটনার প্রতিক্রিয়ায় তাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো।
কোলোময়স্কি ইউক্রেনের অন্যতম ধনী ব্যক্তি। তার দুই শ কোটি ডলারেরও বেশি সম্পদ রয়েছে। নিপ্রোপেটরোভস্কে রুশপন্থী বিদ্রোহীদের অগ্রযাত্রা প্রতিহত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেত্স এবং লুহানস্ক প্রদেশে রুশপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা বেশ কয়েকটি সরকার-সমর্থক ব্যাটেলিয়নকে পৃষ্ঠপোষকতা দেন তিনি।