দ্বিধাদ্বন্দ্বে মনোনয়ন নিলেন বিএনপির মিন্টু-সালাম

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ০০:৩৯

সিটি নির্বাচনে বিএনপির অংশ নেয়ার দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে মনোনয়নপত্র নিলেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু এবং কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম। গতকাল বুধবার দু’জনই প্রতিনিধির মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত সাতদিনে এ পর্যন্ত দুই সিটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯ জন মেয়র প্রার্থী। এর মধ্যে উত্তর সিটি থেকে ২২ জন এবং দক্ষিণ সিটি থেকে ২৭ জন মনোনয়ন নিয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে দুই সিটি থেকে ১৫৪৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩০৪ জন মনোনয়নপত্র নিয়েছেন। উত্তর সিটি থেকে এ পর্যন্ত ৬৩৪ জন কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ১৩৬ জন এবং দক্ষিণ থেকে ৯১৩ জন কাউন্সিলর ও ১৬৮ জন সংরক্ষিত কাউন্সিলর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার দুই ছেলে তাফসির আউয়াল ও তাজওয়ার আউয়াল। অন্যদিকে উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হচ্ছেন মাহি বি চৌধুরী। তবে কাগজপত্রে ত্রুটির কারণে গতকাল মনোনয়নপত্র তুলতে পারেননি তিনি। অন্যদিকে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার একান্ত সচিব ফারুক উল ইসলাম সেলিম ও মহানগর বিএনপি নেতা মনিরুল ইসলাম। দক্ষিণ থেকে মহানগর বিএনপির নেতা আবুল বাশার, বিএনপি-সমর্থিত শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, জাসদ নেতা মো. শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা আবদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র প্রার্থীকে ইসির নোটিস
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আচরণবিধি লংঘন করায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী এখলাছ উদ্দিন মোল্লাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল বুধবার পাঠানো এই নোটিসে আগাম প্রচারণামূলক পোস্টার-বিলবোর্ড না সরানোর বিষয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, পুরো নির্বাচনী এলাকা নিজে ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিদর্শন করেছেন। যখনই কোনো অনিয়ম দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার অ্যাসাইনমেন্ট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রথমবারের মতো মেয়র পদে সম্ভাব্য কোনো প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেয়া হল।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিলের মধ্যে। ভোট হবে ২৮ এপ্রিল।