আনিসুল-খোকনের পক্ষে কাজ করার নির্দেশ

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ০১:২৫

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকনের পক্ষে কাজ করার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে বৈঠকসূত্র জানিয়েছে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হককে দল সমর্থিত একক মেয়র প্রার্থী করা হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দল সমর্থিত একক প্রার্থী করা হয়েছে সাঈদ খোকনকে। দলীয় সভানেত্রী এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে ওয়ার্ড পর্যায়ে দল সমর্থিত একক কাউন্সিলার প্রার্থী ঠিক করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দলীয় পদ হিসেবে নয়, জনপ্রিয়দের প্রার্থী করতে বলেছেন শেখ হাসিনা।

জানা গেছে, বৈঠকে হাজী মোহাম্মদ সেলিমের কথা উঠলে প্রধানমন্ত্রী বলেন, আমি গতকাল (মঙ্গলবার) তাকে (হাজি সেলিম) বলেছি, তুমি সংসদ সদস্য থাকো। পদত্যাগ করার দরকার নেই।