থাকছে কথার লড়াই

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১১:১৫
 
ভারতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের লড়াইয়ে কোনো ভালোবাসা বা মায়া-মমতা নেই। ক্রিকেটের দুই তীব্র প্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই ব্যাট-বলের নৈপুণ্যের মাধ্যমে দল দু’টির মেজাজ পরীক্ষা। ভারত-অস্ট্রেলিয়ার পারস্পরিক অপছন্দের ব্যাপারটা এখন আর গোপন কিছু নয়। দু’দলের অতীতের কিছু খেলার দিকে তাকালেই একে অপরের প্রতি তাদের বাজে মনোভাবের স্পষ্ট প্রমাণ মেলে।
ক্রিকেটে যেটা ‘স্লেজিং’ নামে পরিচিত, আমেরিকান খেলাধুলাতে সেটাই পরিচিত ‘ট্র্যাশ-টকিং’ বা ‘অপমানকর কথাবার্তা’ নামে। আর অস্ট্রেলিয়া এবং ভারত যখন ক্রিকেটের লড়াইয়ে নামে তখন ‘স্লেজিং’ বা ‘ট্র্যাশ-টকিং’ এর মতো কথার লড়াই খুবই অনুমেয়। যদিও ঐতিহ্যবাহীগণরা ‘ভদ্র লোকের’ খেলা বলে খ্যাতি পাওয়া ক্রিকেটে স্লেজিংকে একটি ‘ক্ষয়রোগ’ হিসেবে দেখে থাকেন। অথচ অস্ট্রেলিয়ান এবং ভারতীয় খেলোয়াড়রা এটাকে খেলাধুলার অংশ হিসেবে গ্রহণ করেছেন।
আজকের সেমিফাইনালেও কোনো দল স্লেজিং পরিহার করতে রাজি নন। এ ব্যাপারে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘স্লেজিং হবে, বিদ্রূপ-ঠাট্টাও হবে। সত্যিকার অর্থেই আমাদের প্রয়োজন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নজর দেয়া এবং সেরা ক্রিকেট খেলা। এ ক্ষেত্রে কী বলা হচ্ছে, কী করা হচ্ছে এগুলো তেমন কোনো ব্যাপার নয়।’
স্লেজিংয়ের কারণে অজিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীরা প্রায়ই অভিযোগ করে থাকে। বিশ্বকাপের আগেও ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে স্লেজিংয়ের কারণে বিব্রতকর ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সর্বোচ্চ ভালো ব্যবহার করার জন্য দু’দলকেই সতর্ক করে দেয়। একই কারণে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে দু’বার জরিমানা করা হয়। এ ক্ষেত্রে আর একবার এই ধরনের ঘটনায় জড়ালে বহিষ্কার হতে পারেন তিনি।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আবারো এমন হলে ডেভিডকে (ওয়ার্নার) জরিমানা করা হবে। নিয়ম-কানুনগুলো সে ভালো করেই জানে। এ ক্ষেত্রে আমাদের জন্য ভিন্ন নিয়ম নেই। তবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য সাধ্যের মধ্যে থাকা সবকিছুই করবো।’
সেমিফাইনালে ভারত দলের স্লেজিং করার আভাস দিলেন ব্যাটসম্যান রোহিত শর্মাও, যিনি বিশ্বকাপের আগে ওয়ার্নারের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন। এ ব্যাপারে ভারতীয় ব্যাটসম্যানটি বলেন, ‘এটা খেলার অংশ। এখানে কিছুটা বিদ্রূপ-পরিহাস থাকতেই পারে, তাই সেমিফাইনালে এটা থাকবে।’ রোহিত আরো বলেন, ‘কিন্তু দল হিসেবে আমরা আমাদের পরিকল্পনাতেই লেগে থাকতে চাইবো, যেই পরিকল্পনায় আমরা এগিয়ে চলছি তা আবারো বাস্তবায়ন করার চেষ্টাই করবো আমরা।’
বিদ্রূপ, পরিহাস করলেও বিষয়টা যেন সীমা অতিক্রম না করে—এ ব্যাপারেও সতর্ক আরোপ করলেন রোহিত, ‘এ ক্ষেত্রে আমি কেবল প্রত্যাশা করবো বিষয়টা যেন সীমা অতিক্রম না করে। পেশাদারী ক্রিকেটার হিসেবে আমরা সবাই জানি যে, এ ক্ষেত্রে একটা সীমা আছে যা আমাদের অতিক্রম করা উচিত হবে না। সীমার মধ্যে থেকে যাই হোক—এটাই সুন্দর ও যথেষ্ট হবে।’—এএফপি