সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় আঞ্চলিক জোট ইয়েমেনের বিরোধী অবস্থান লক্ষ্য করে বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের বিপন্ন প্রেসিডেন্ট হাদিকে সহায়তার লক্ষে এ সামরিক অভিযান শুরু করা হয়েছে। খবর: এএফপির।
সামরিক সূত্রে বলা হয়েছে, সানার উত্তরাঞ্চলে আল দায়লামি বিমান ঘাঁটি ও এর সংলগ্ন আর্ন্তজাতিক বিমান বন্দর এবং জানুয়ারি থেকে বিদ্রোহীদের দখলে থাকা প্রেসিডেন্ট ভবনে এ অভিযান চালানো হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানীতে বুধবার দিবাগত রাতে শিয়া হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের বিমান হামলা চলাকালে কমপক্ষে ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এক বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, রাতে সৌদি বিমান হামলায় নারী ও শিশুসহ ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান হামলায় ৭টির মত বাড়িঘর বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের ভিতর আরো লাশ আছে কিনা তা খতিয়ে দেখতে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের সহায়তা করছে।
এদিকে জর্ডানের কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন অভিযানে জর্ডানের বিমান বাহিনী অংশ নিয়েছে।
