আন্দোলন ও নির্বাচন একসঙ্গে চলবে: মাহবুব

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ২১:৫৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে সিটি কর্পোরেশন নির্বাচনে যাবে বিএনপি। আন্দোলন ও নির্বাচন একে অন্যের পরিপূরক। তাই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে বিএনপি।
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষে বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগর দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
 
মাহবুব বলেন, সিটি নিবার্চন স্থানীয় নিবার্চন হওয়া সত্ত্বেও গুরুত্ব সহকারে দেখছে বিএনপি। দলটি বিশ্বাস করে দেশের যে বড় সংকট সেক্ষেত্রে স্থানীয় নিবার্চন নয়, জাতীয় নিবার্চন হওয়া উচিত্। তিনি বলেন, অনেক প্রার্থী কারাগারে আছেন।
 
অনেকে আত্মগোপনে আছেন। নির্বাচনী পরিবেশ ফিরে এলে এবং প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারলে আমরা নির্বাচনে যাবো। এ সময় নির্বাচনী বিধি-নিষেধ সব প্রার্থীর জন্য এক হওয়ার দাবি জানান তিনি।
 
তিনি বলেন, বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্দোলনকে একটি সুনির্দিষ্ট লক্ষে নেয়া এবং জাতীয় ঐক্য গড়ে তোলে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। এছাড়া বিএনপির আর সামনে কোনো বিকল্প পথ নেই। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলেই কেবল আন্দোলন স্থগিত করা হবে।
 
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস ৪৪ বছরের অর্জন। এর জন্য আমাদের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। যা দক্ষিণ এশিয়ায় আর কোনো দেশকেই করতে হয়নি।
 
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাসই মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খান খোকন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ প্রমুখ।
 
এদিকে, সকালে আটটার দিকে সাভার স্মৃতি সৌধে বিএনপির একটি প্রতিনিধি দল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।