স্বাধীনতা দিবসে বাংলাদেশ একটি অনন্য রেকর্ড গড়ছে। ইন্টারনেটে বাংলা ভাষা এবং ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চার লাখ নুতন শব্দ 'গুগল ট্রান্সলেটে' যোগ করার মহাযজ্ঞ শুরু হয়। সারা দেশে মোট ৮১টি জায়গায় বাংলা শব্দভাণ্ডার যুক্ত করতে কাজ করেন স্বেচ্ছাসেবীরা। আয়োজকেরা আশা করছেন, চার লাখেরও বেশি বাংলা শব্দ যুক্ত করা সম্ভব হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে গুগল।
দেশব্যাপী এ কার্যক্রমের অায়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভাগ। সঙ্গে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও গুগল ডেভেলপার গ্রুপ বাংলা (জিডিজি বাংলা)।
সকাল ৯টায় এ অায়োজন শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে ঘরে বসে রাত ১২টা পর্যন্ত 'গুগল ট্রান্সলেটে' বাংলা শব্দ যোগ করা যাবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানিয়েছেন, http://translate.google.com/communityএই ঠিকানায় লগ-ইন করে যে কেউ যেকোনও সময় নতুন শব্দ বা বাক্য যোগ করতে পারবেন।
এই কর্মসূচির নাম 'বাংলার জন্য চার লাখ'। এ প্রসঙ্গে অাইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক বলেছেন, দেশে ও দেশের বাইরে সবার অংশগ্রহণে ২৬ মার্চ গুগল অনুবাদে চার লাখ বাংলা শব্দ যোগ করে আমরা বাংলাকে নিয়ে যাব সবার ওপরে।
পলক জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ করা হয়। ওইদিন শব্দ সংখ্যার হিসেবে বাংলার অবস্থান ছিল দ্বিতীয়। প্রথম স্থানে থাকা স্প্যানিশ ভাষায় সেদিন ৬৮ হাজার শব্দ যোগ করা হয়েছিল।
জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস বলেন, অামাদের বিশ্বাস মাতৃভাষার জন্য অবদান রাখতে (বাংলা শব্দ যোগ করতে) বৃহস্পতিবার সবাই মিলে চার লাখের বেশি বাংলা শব্দ যোগ করতে পারব। স্বাধীনতা দিবসে বাংলার জন্য অবদান রাখতে ইভেন্টে যে আসতেই হবে তা নয়; আপনি ঘরে বসেও কন্ট্রিবিউট করতে পারেন। যে যেখানে আছেন সেখান থেকেই অবদান রাখতে পারবেন।
পিয়াস অারও বলেন, সারাদেশে ইতিমধ্যে ৬০টির বেশি জায়গায় একত্রিত হয়ে আমরা কাজ করব বাংলার জন্য। সব জায়গায় ডিভাইস বা ইন্টারনেটের ব্যবস্থা করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে নিজেদের ডিভাইস দিয়েই কাজ করতে হবে। দেশের কোথায়, কোন জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেটাসহ আয়োজনের বিস্তারিত জানা যাবে জিডিজি বাংলার ফেসবুক পেজে।
পিয়াস জানান, ঢাকায় হচ্ছে ৩টি বড় ইভেন্ট। ইভেন্টের মূল কেন্দ্র বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি, আগারগাঁও, ঢাকা; পাসপোর্ট অফিসের কাছে) এখানে থাকছে ১২০টি কম্পিউটার, ইন্টারনেট সংযোগসহ। কম্পিউটার সীমিত থাকায় তিনি সবাইকে নিজেদের ডিভাইস (ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন) নিয়ে আসার অনুরোধ জানানো হচ্ছে। তবে বিসিসি ক্যাম্পাসেও হাই-স্পিড ইন্টারনেটের ব্যবস্থা থাকবে। থাকবে ক্যাম্পাসজুড়ে বসার ব্যবস্থাও।
এছাড়া টিএসসি বা শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটির আয়োজনে বাংলার জন্য অবদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। টিএসসিতে ইন্টারনেটের ব্যবস্থা আছে।কেন্দ্রীয় শহীদ মিনারেও চলছে কর্মসূচি। সবাইকে ডিভাইস (সম্ভব হলে ইন্টারনেট সংযোগসহ) নিয়ে আসার অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, গুগল অনুবাদ যে বা যিনি এক হাজার নতুন শব্দ যোগ করবেন তাকে গুগল থেকে ইলেকট্রনিক সনদ দেওয়া হবে। ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিল -এ সময়ে যে বা যিনি সবচেয়ে বেশি বাংলা শব্দ যোগ করতে পারবে তাকে তিন দিনের শিক্ষাসফরে গুগলের সিঙ্গাপুর অফিসে নিয়ে যাওয়া হবে।
