বিরাষ্ট্রীয় শক্তিকে জাতিসংঘের বৈধতা প্রদান অনুচিত: ভারত

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৭:৪৭
 
 
 
কেন্দ্রীয় সরকারকে পাশ কাটিয়ে বিরাষ্ট্রীয় শক্তিগুলোকে ‘রাজনৈতিক বৈধতা’ দেয়া জাতিসংঘের সঠিক কাজ হবে না বলে সতর্ক করে দিয়েছে ভারত। জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সরকারের মাধ্যমে সহযোগিতামূলক কাঠামোর মধ্য দিয়ে অস্ত্রধারী দলগুলোর অধিকার নিশ্চিত করা উচিত বলে মনে করে দেশটি। নিরাপত্তা পরিষদের ‘শিশু ও সশস্ত্র সহিংসতা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘে ভারতের উপ স্থায়ী প্রতিনিধি ভগবত বিষ্ণু এ সব কথা বলেন। খবর এনডিটিভির।
ভগবত বিষ্ণু বলেন, ‘জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সরকারের মধ্যে একটি সহযোগিতামূলক ক্ষেত্র তৈরি করতে হবে। আর এর মাধ্যমেই সশস্ত্র গ্রুপগুলোর অধিকার নিশ্চিত করতে হবে। আমরা সতর্ক করে দিতে চাই—জাতীয় সরকারকে এড়িয়ে জাতিসংঘ কোনো কাজ করবে না এবং ওই শক্তিগুলোকে কোনো রাজনৈতিক বৈধতা দেবে না। কারণ, সশস্ত্র গ্রুপগুলো সবসময় যা আশা করে এসেছে, এ বৈধতা তাদের সেই বিষয়গুলোকেই উত্সাহিত করবে।’
বিষ্ণু বলেন, ‘শিশু ও সশস্ত্র গ্রুপগুলোর বিষয়ে গত বছর একটি খারাপ সময় গেছে। শিশুরা নিষ্পাপ এবং তাদের সহিংসতার শিকার হওয়া উচিত নয়। স্থায়ী শান্তি বজায় রাখাই এর সমাধান। এ ছাড়া,  জাতিসংঘের কর্মকাণ্ড এর ওপরই গুরুত্ব দিয়ে হওয়া উচিত, যাতে শান্তি অর্জন সম্ভব হয়।’