সন্ত্রাস ও বোমাবাজদের পরাজয় হবেই : খাদ্যমন্ত্রী

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ১৮:০০
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে আজও ’৭১-এর মতোই সন্ত্রাস হচ্ছে। ’৭১-এর হায়েনাদের প্রেতাত্মারা আজও আগুন নিয়ে খেলা করছে। তারা আজ আগুন সন্ত্রাসে রূপ নিয়েছে। তবে যে আগুন নিয়ে তারা খেলছে সে আগুনে পুড়েই তারা একদিন ধ্বংস হবে। কারণ জঙ্গিবাদ-সন্ত্রাস ও বোমাবাজদের পরাজয় একদিন হবেই। 
 
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের সমস্ত স্বপ্ন চুড়মার হয়ে গিয়েছিল। কিন্তু আজ আবার আমরা যখন নতুন করে স্বপ্ন দেখছি । ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। ঠিক এই মুহূর্তে আবারও নতুন করে আমাদের স্বপ্নকে ভেঙ্গে দেয়ার চেষ্টা চলছে।
 
বৃহস্পতিবার মহান স্বাধীনতা উপলক্ষে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
 
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। 
 
এসময়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রাশেদুল ইসলাম , উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইসমাইল হোসেন, মৎস কর্মকর্তা সৈয়দ মো.আলমগীর, পরিবেশ ও বন কর্মকর্তা মোশারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।
 
অনুষ্ঠানে কেরাণীগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করা হয়।