রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকার লেক থেকে বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ দিকে, একই দিন বাড্ডায় শিরীনা আখতার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী সেলিমকে আটক করেছে। এ ছাড়া, উত্তরার বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহনাজ (৩৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
কাফরুল থানার এসআই কৃষ্ণ বিশ্বাস জানান—পুরাতন বিমানবন্দরের রানওয়ে-সংলগ্ন একটি লেক থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল থ্রি-কোয়ার্টার প্যান্ট ও তিনটি গেঞ্জি। লাশ পচতে শুরু করায় ধারণা করা হচ্ছে—কয়েক দিন আগে তাকে হত্যা করে লাশ পানিতে ফেলা হয়ে থাকতে পারে।
এ দিকে, বাড্ডায় শিরীনা আখতার নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। বাড্ডা থানার এসআই জয়ন্ত কুমার মণ্ডল জানান—বাড্ডার আনন্দনগর এলাকার ১৫ নম্বর সড়কের আকাশের প্লট এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন শিরীনা। তার স্বামী সেলিম মাদকাসক্ত। বুধবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে সকালে সেলিম প্রতিবেশীদের জানান—তার স্ত্রী আত্মহত্যা করেছে। তবে মৃতের ভাই কাশেমের অভিযোগ—তার বোনকে শ্বাসরোধে হত্যা করেছে ভগ্নিপতি। খবর পেয়ে পুলিশ ওই বাড়ির খাটের ওপর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃতের গলায় কালো দাগ পাওয়া গেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সেলিমকে আটক করেছে পুলিশ।
অপর এক ঘটনায় বিমানবন্দর এলাকায় একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ইট ভাঙার মেশিনবাহী ট্রাক উল্টে গেলে তার নিচে চাপা পড়ে নিহত হন শাহনাজ নামের এক নির্মাণশ্রমিক।
বিমানবন্দর থানার এসআই মেহেদী হাসান জানান— বিমানবন্দর সড়কে বলাকা ভবনের উত্তর পাশের রাস্তা থেকে শাহনাজের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইট ভাঙার মেশিনে উঠে খিলক্ষেত থেকে উত্তরায় যাচ্ছিলেন। পথে মেশিনবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে।
