কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেনি বিএনপি

আপডেট : ২৬ মার্চ ২০১৫, ২০:১০
 
 
বিএনপি অভিযোগ করেছে যে, প্রশাসনের বাধার কারণে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেনি বিএনপি।
 
রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারী আব্দুল জলিল জানান, ২৫ মার্চ সকালে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেয়। তিনি  পল্টন থানার ওসি গোলাম মোর্শেদ এর সাথে যোগাযোগ করলে  ডিসি’র সঙ্গে যোগাযোগ করতে বলেন। ডিসির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, উপর মহলের নির্দেশনা ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাবে না।
 
চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে তাদের ক্যাম্পে পরিণত করেছে। প্রায় ৪ মাস আমাদের সেখানে যেতে দেয়া হচ্ছেনা। যা কোনো স্বাধীন দেশে হতে পারে না।
 
প্রসঙ্গত যে,৩ জানুয়ারি রাত থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রেখেছে প্রশাসন। ফলে কার্যালয়ের ভেতর থেকে ৩ জানুয়ারি রাত হতে কোনো কিছু বের করতে দেয়নি এমনকি কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।