ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, আজকে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র চুরি হয়ে গেছে। আইনের শাসন অবশিষ্ট নেই। মানবাধিকার হারিয়ে গেছে। এগুলো যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের শহীদদের কাছে আমরা কী জবাব দেব? গতকাল বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, এমন নির্বাচন আমাদের দেখতে হয়েছে যেখানে ১৫৩ জন সংসদ সদস্য নিজের ভোটটিও দিতে পারেননি। তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। বাকি ১৪৬ আসনে ৪০ ভাগ ভোট পড়েছে নির্বাচন কমিশন এমন দাবি করলেও বাকি ৬০ ভাগ ভোটের কি কোনো মূল্য নেই? এমাজউদ্দীন বলেন, ভালো কিছু সহজে পাওয়া যায় না। তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই পারো দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করতে। আমরা প্রবীণরা তোমাদের পরামর্শ দিতে পারব।
সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, খালেদা জিয়া যে আন্দোলন করছেন, তা এদেশের ১৬ কোটি মানুষের জন্য। কারণ দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নেই। দুর্নীতির উত্সব চলছে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা নেই। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা প্রতিদিনই ঘটছে।
ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন গাজী মাজহারুল আনোয়ার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।
