ফ্রান্সে আল্পস পর্বতমালায় ১৫০ জন আরোহীসহ বিধ্বস্ত জার্মানউইংসের বিমানের কো-পাইলট মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জার্মানির গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়ে বিবিসি ও আল জাজিরা। আন্ড্রিয়াস লুবিৎস নামের ওই কো-পাইলট হতাশাজনিত মানসিক রোগে ভুগছিলেন।
বিমানটির ধ্বংসস্তূপ থেকে পাওয়া প্রমাণ থেকে ধারণা করা হচ্ছে কো-পাইলট ইচ্ছাকৃতভাবে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত করিয়েছেন।
গত ছয় বছর থেকে ২৭ বছর বয়সী এই কো-পাইলট মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন বলে জার্মানির বিমান নিয়ন্ত্রণ সংস্থার রিপোর্টে প্রকাশ করা হয়েছে। তারা এই তথ্য দেশটির সরকারি বিমান সংস্থা লুফথানসার কাছ থেকে পেয়েছ বলে উল্লেখ করা হয়েছে।
জার্মানির রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফথানসার প্রধান নির্বাহী কার্সটেন স্ফোর জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের কো-পাইলট লুবিৎস ২০০৮ সালে পাইলট ট্রেনিং শুরু করলেও কিছু দিন পর তিনি ট্রেনিং স্থগিত করেছিলেন। এর পর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৩ সালে এয়ারবাস এ৩২০ বিমান চালানোর জন্য পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। তবে এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি।
ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় কো-পাইলট লুবিৎস বিমানের পাইলটকে ককপিটের বাইরে রেখে এর দরজা ভেতর থেকে আটকে দিয়েছিলেন। ককপিটের ফ্লাইট রেকর্ডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর পাইলট ককপিটের দরজা খোলার চেষ্টা করার প্রমাণ পাওয়া গেছে। বাইরে থেকে ককপিটের দরজা খোলার জন্য পাইলট এমনকি একটি কুড়াল দিয়ে আঘাত করে শেষ চেষ্টা চালান বলে জানানো হয়েছে জার্মান পত্রিকা 'বিল্ড' এর খবরে। বিমানটিতে কুড়াল থাকার কথা এএফপির কাছে স্বীকার করেছেন জার্মানউইংসের একজন মুখপাত্র।
জার্মানউইংসের বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে ১৪৪ জন যাত্রী ও ছয় জন ক্রু নিয়ে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে যাত্রা করার পর আল্পস পর্বতমালার ফ্রান্স অংশে বিধ্বস্ত হয়। এতে বিমানটির আরোহী সবাই নিহত হয়।
