শিরোপা লড়াই কাল

আপডেট : ২৮ মার্চ ২০১৫, ১৩:০৫

বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার আগামীকাল রবিবারের ফাইনালে পেস বোলিংই মুখ্য ভূমিকা রাখবে। সেটা হতে পারে অস্ট্রেলিয়ার জোর গতি কিংবা বাউন্স; নয়তো নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির দস্যি বোলিং।

ছয় সপ্তাহ আগেও বোল্ট বা সাউদির নাম আন্তর্জাতিকভাবে অতটা গুরুত্বের সাথে উচ্চারিত হয়নি। তাদের সাথে ব্রেন্ডন ম্যাককালামের পায়রোটেকনিক্স নিউজিল্যান্ডকে এতটাই অনুপ্রাণিত করে যে দেশটি এখন তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছে।
অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘আমি মনে করি নতুন বল হাতে তাদের বোলিং ব্যতিক্রমী। তাদের সাথে আমরা যে খেলাটায় মুখোমুখি হয়েছি, তাতে সে অভিজ্ঞতা হয়েছে আমাদের। পুরো টুর্নামেন্ট জুড়েও আমরা তা দেখেছি। নিউজিল্যান্ডে যেসব ক্ষেত্রে বল সুইং করে না সেখানেও তারা এটা করে দেখিয়েছে। তারা বেশ ভাল জায়গায় বল ফেলেছে। এ কারণে তাদের বিরুদ্ধে ভাল ব্যাট করা নিশ্চিত করতে হবে।’ বোল্ট এরই মধ্যে গ্রুপ পর্বের খেলায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছিলেন। গেল মাসে অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে বোল্ট ২৭ রানে পাঁচ উইকেট নেন। তবে এমসিজিতে অনভ্যস্ত কন্ডিশনে তার বাঁহাতি বোলিং কতটা কার্যকর হয় তা দেখার বিষয়। আবহাওয়ার পূর্বাভাসও তাদের অনুকূলে নয়।
অ্যারন ফিঞ্চ জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা তাদের সামলাতে প্রস্তুত। আবার অস্ট্রেলিয়ারও মূলঅস্ত্র হবে তাদের তিন পেসার মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জস হ্যাজলউড। এর প্রত্যেকেই ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন।

মজার ব্যাপার হলো এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বোলারদের চেয়ে ব্যাটসম্যানরাই বেশি দাপট দেখিয়েছেন।